ঢাকা,২২ অক্টোবর-সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আইন সংশোধনের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান।
তিনি বলেন, সাইবার সিকিউরিটি থেকে শুরু করে প্রয়োজনীয় অন্যান্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়াকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে সংশ্লিষ্ট অংশীজন, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মালিক এবং পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসে আলোচনা করা হচ্ছে।
বুধবার রাতে নিজের নির্বাচনি এলাকা ভোলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, এমন একটি টেকসই নীতিমালা তৈরি করতে চান, যাতে গণমাধ্যমকর্মী, প্রশাসন ও সাধারণ মানুষ সবাই সমানভাবে সুরক্ষা পান। আইন সংশোধনের এ কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে অল্প সময়ের মধ্যেই আরও ইতিবাচক ও ফলপ্রসূ পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ জানান তিনি।
ভোলা সদরের মোট ২৯টি পূজামণ্ডপে ব্যক্তিগতভাবে ২৯ লাখ টাকা অনুদান দিয়েছেন তথ্যমন্ত্রী। বুধবার রাতে তিনি জেলা শহরের বিকাশ মজুমদার বাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেনের পূজামণ্ডপ, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাবসংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ির পূজামণ্ডপ, লক্ষ্মী গোবিন্দ মন্দির, বাপ্তা মহাজনের পোল পূজামণ্ডপ, বাপ্তা শক্তি সংঘ পূজামণ্ডপ এবং সার্কুলার রোডের পূজামণ্ডপসহ মোট ৯টি মন্দির পরিদর্শন করেন।
এ সময় তথ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) স্থানীয় নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সার্বিক নিরাপত্তার বিষয়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীরা এবার অত্যন্ত আনন্দের সঙ্গে এবং সম্প্রীতিপূর্ণ পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব পালন করছেন। হিন্দু, মুসলমানসহ দেশের সব নাগরিক এখন পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছেন, যা অত্যন্ত আনন্দের বিষয়।
শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
পূজা কমিটির নেতাদের বরাত দিয়ে তথ্যমন্ত্রী আরও জানান, এবার পূজা চলাকালে ভোলার কোথাও নিরাপত্তার শঙ্কা বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সম্প্রতি নেত্রকোনায় এক সাংবাদিক হত্যার ঘটনা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, শুধু সাংবাদিক বা নির্দিষ্ট কোনো পেশার মানুষ নন, রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে কেউ অপরাধমূলক ঘটনা ঘটালে প্রচলিত আইন অনুযায়ীই তার বিচার করা হবে।
এস এম/ ২২ অক্টোবর ২০২৬
