মেঘে ঢাকা পাহাড়ের সারি, সবুজের বিস্তীর্ণ সমারোহ আর পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথ—প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্যের টানে সাজেক ভ্যালিতে ছুটে যান ভ্রমণপিপাসুরা। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সেখানে ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি হওয়ায় পর্যটকদের মধ্যে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে সেই বাধা কেটে গেছে। পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত করা হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি।
গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ শুক্রবার ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণে আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পর্যটকদের ভ্রমণের সুযোগ দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাঙ্গামাটির জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১১ অক্টোবর ০৫৪২.. নম্বরে জরুরি গণবিজ্ঞপ্তিতে জারি করা নির্দেশনা পরিবর্তনক্রমে সাজেক ভ্যালির সকল পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণে উন্মুক্ত করা হল।’
এর আগে গত ১১ অক্টোবর রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের প্রবেশ ও পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসনের এ সিদ্ধান্তের আগে ১১ অক্টোবর সকাল থেকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে। এতে সাজেকগামী ও সেখান থেকে ফেরার পথে পর্যটকবাহী গাড়িসহ বেশ কিছু যানবাহন আটকা পড়ে। নারী ও শিশুসহ অনেক পর্যটককে ভোগান্তিতে পড়তে হয়। পরে প্রশাসনের সঙ্গে আলোচনার পর আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি স্থগিত করেন।
নতুন গণবিজ্ঞপ্তির ফলে সাজেক ভ্যালির পর্যটনকেন্দ্রগুলো আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হলো। দুর্গাপূজার ছুটিকে সামনে রেখে এ সিদ্ধান্তে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
