দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন দেশের ব্যাংক ও শেয়ারবাজারের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে ২০ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি।
রোববার (১১ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক বন্ধ থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এ সময়ে লেনদেন বন্ধ থাকবে।
তবে ছুটির আগে ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে।
এদিকে দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি ঘোষণা করে। পাশাপাশি ১৭ অক্টোবর সরকারি ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।
