বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তালোড়া পৌরসভার মেঘা মহল্লা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মেঘা মহল্লার মৃত রেজাউলের ছেলে তৌফিক হাসান জেমি (২৪), দেবখণ্ড উত্তরপাড়ার আকাজ আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৩৫) এবং মেঘা নয়াপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানার একটি বিশেষ দল তালোড়া পৌরসভার মেঘা মহল্লায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের দুই থেকে তিনজন সদস্য পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশে রাখা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি ধারালো বার্মিজ টিপ চাকু, কাঠের হাতলযুক্ত একটি ধারালো চাপাতি, একটি পুরোনো হাসুয়া, একটি লোহার শাবল, একটি কাঠের হাতলযুক্ত লোহার হাতুড়ি, একটি লোহার প্লাস, বিভিন্ন আকারের তিনটি কাঁচি এবং তিনটি কালো রঙের টর্চলাইট।
দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যেকের বিরুদ্ধে এর আগে বিজ্ঞ আদালতে তিনটির বেশি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুপচাঁচিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
