দেশে সবচেয়ে বেশি দুর্নীতি ও অনিয়ম হয় স্বাস্থ্যখাতে—এমন মন্তব্য করে সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট আমল থেকেই এই খাতে বেপরোয়া লুটপাট শুরু হয়েছে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ও সীমাহীন দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির ধারাবাহিকতা এখনো চলমান রয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরে ‘মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যখাতে স্থানীয় অনিয়মের চিত্র তুলে ধরে এম নাসের রহমান অভিযোগ করেন, সম্প্রতি মৌলভীবাজার আড়াইশ শয্যা সদর হাসপাতালে কোনো ধরনের কাজ না করিয়েই সংশ্লিষ্টরা এক কোটি ২০ লাখ টাকা তুলে আত্মসাৎ করেছে। দুর্নীতির লাগাম এখনই টেনে না ধরলে দেশের সামগ্রিক অগ্রযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে।
তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্য বিভাগ এখন দুর্নীতির ‘প্রশান্ত মহাসাগরে’ রূপ নিয়েছে। এই সাগরে দুর্নীতির বিস্তার এমন এক পর্যায়ে পৌঁছেছে যে পরিস্থিতি সামাল দিতে মন্ত্রী-এমপিরাও হাবুডুবু খাচ্ছেন।
দেশের বিশিষ্ট শিল্পপতি ও ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাকির হোসেন এবং কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।
ইস্ট কোস্ট গ্রুপের হেড অব সিএসআর কর্নেল (অব.) লিয়াকত আলী খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলরুবা চৌধুরী এবং তানভীর চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
