ঢাকার সাভারের আমিনবাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ল্যান্ডফিল থেকে ৮০০ লিটার সরকারি ডিজেল পাচারের অভিযোগে আল-আমিন (৩৪) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। এ সময় ডিজেলভর্তি ট্রাকটিও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে সালেহপুর সেতুসংলগ্ন এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশির সময় এসব ডিজেল উদ্ধার করা হয়।
আটক আল-আমিন বরিশালের বাবুগঞ্জ থানার ঘটকেরচর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে। তিনি রাজধানীর মিরপুর-১-এর গোদারঘাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আবর্জনাবাহী ড্রাম ট্রাকের চালক হিসেবে কর্মরত।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় নিয়মিত তল্লাশির সময় একটি ট্রাকের গতিরোধ করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ৪০টি কন্টেইনারে রাখা প্রায় ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় তেল পাচারের অভিযোগে ট্রাকচালক আল-আমিনকে আটক করা হয় এবং ডিজেলসহ ট্রাকটি জব্দ করা হয়।
সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির আল আহসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ট্রাকচালক তেল পাচারের বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানতে পেরেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি আমিনবাজারের ল্যান্ডফিল থেকে সরকারি ডিজেল নিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি চোরাই তেল চক্রের কাছে যাচ্ছিলেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
The post আমিনবাজারে ৮০০ লিটার সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক appeared first on ভোরের চেতনা.
