রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা হেডম্যান ও কার্বারীদের নিয়ে সেনা জোনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিলাইছড়ি সেনাজোনের (২৯ বীর) প্রধান কার্য়ালয়ে শান্তি শৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
জোন কমান্ডার লেঃ কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি এর নেতৃত্বে সভা উদযাপিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হেডম্যান এবং কার্বারীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া সভায় বিভিন্ন ক্লাব এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় জোন কমান্ডার বলেন, এলাকার শান্তি প্রতিষ্ঠার জন্য সেনা বাহিনীর ২৯ বীর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং এখন পর্য়ন্ত বিলাইছড়ির শান্তি শৃঙ্খলা ভালো আছে বলা যায়। এজন্য তিনি হেডম্যান এবং কার্বারীদের সহায়তা কামনা করেন।
তিনি বলেন, আপনারা এখানকার স্থানীয় বাসিন্দা এবং আপনারা এখানে যুগ যুগ ধরে বসবাস করছেন। তাই এখানকার সম্পর্কে আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমরা সবাই যদি একতাবদ্ধ থাকি তাহলে বাইরের কোন দুষ্কৃতিকারী কোন কিছু করার সুযোগ পাবেনা।
তিনি আরও বলেন, আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গাপূজা সফলভাবে সম্পন্ন করার জন্য বিলাইছড়ি জোন সর্বাত্বকভাবে কাজ করে যাবে এবং আপনাদেরও এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, পুরো বিলাইছড়ি সেনাজোন আপনাদের সেবায় সবসময় নিয়োজিত আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাই আগাম কোন ঘটনা ঘটার আভাস পেলে নিকটস্থ ক্যাম্প কমান্ডারকে জানানোর জন্য অনুরোধ করন তিনি।
