লিওনেল মেসির জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। রবিবার প্রতিপক্ষের মাঠে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে দুইবার জালের দেখা পান আর্জেন্টাইন মহাতারকা।
এই জোড়া গোলে চলতি মৌসুমে মেজর লিগ সকারে (এমএলএস) মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫-এ। গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের চেয়ে ছয় গোলে এগিয়ে রয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। ম্যাচের প্রথমার্ধে ৪৫তম মিনিটে মেক্সিকান স্ট্রাইকার জার্মান বেরতেরামের গোলে এগিয়ে যায় মায়ামি। বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে ব্যবধান বাড়ান মেসি। ৫৬তম মিনিটে ডান দিক থেকে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণে ঢুকে বেরতেরামের সঙ্গে বল আদান-প্রদান করেন তিনি। এরপর এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা। চার মিনিট পর আবারও গোল করেন মেসি। লুইস সুয়ারেজের পাস ধরে পাল্টা আক্রমণে এগিয়ে যান তিনি। প্রতিপক্ষের আরেক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন মায়ামির সাবেক ফরোয়ার্ড ফাফা পিকো। তবে তাতে হার এড়াতে পারেনি আটলান্টা। গোলের পাশাপাশি অ্যাসিস্টেও দুর্দান্ত মৌসুম কাটাচ্ছেন মেসি। তার অ্যাসিস্টসংখ্যা এখন ১৫, যা লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিনের সঙ্গে যৌথভাবে লিগে সর্বোচ্চ। এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার কীর্তিও গড়েছেন তিনি। ক্লাব ও জাতীয় দলের হয়ে টানা ১৩ ম্যাচে গোল অথবা অ্যাসিস্টে অবদান রেখে নিজের দ্বিতীয় দীর্ঘতম ধারারও সমান হয়েছেন মেসি। নতুন কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গনসালেসের অধীনে টানা তৃতীয় জয় পেল ইন্টার মায়ামি। আগেই প্লে-অফ নিশ্চিত করা দলটি বর্তমানে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে আছে ন্যাশভিল। অন্যদিকে মেসির সাবেক কোচ জেরার্দো ‘তাতা’ মার্তিনোর অধীনে আটলান্টা রয়েছে ১৪তম স্থানে। আগামী শনিবার নিউইয়র্ক রেড বুলসের মাঠে খেলতে নামবে ইন্টার মায়ামি। ক্রিস্টিয়ানো রোনালদোর হাজার গোলের সম্ভাব্য মাইলফলক নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। হাজারের পথে তার প্রতিটি গোল ধরে গণনা চলছে রোমাঞ্চ আর উত্তেজনা নিয়ে। কিন্তু আরও একজন তো খুব বেশি পিছিয়ে নেই, বরং দারুণভাবেই ছুটে চলেছেন একই পথ ধরে! সেই আলোচনার পালেও এবার হাওয়া লাগতে শুরু করেছে। ইন্টার মায়ামির কোচ কিলি গন্সালেস তো নিশ্চিত, হাজার গোলের ঠিকানায় পৌঁছে যাবেন লিওনেল মেসি। হাজার গোল কি সম্ভব? ম্যাচের পর এই প্রশ্ন করা হলে ইন্টার মায়ামি কোচ বললেন, তার মনে কোনো সংশয়ই নেই। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বিশ্বাস করি সে ১ হাজার গোল করবে।’
