আজকাল ওয়েবডেস্ক: একদিকে চ্যাম্পিয়ন্স লিগে কোমোর বিরুদ্ধে বড় ব্যবধানে হার। তারপরেই বাড়িতে ডাকাতির ঘটনা! কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ।
বুধবার সন্ধ্যায় ইংল্যান্ডের চেশায়ারে তাঁর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে খবর। সেই সময় দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ইতালিতে ছিলেন পর্তুগিজ মিডফিল্ডার।
বাড়ি থেকে বেশ কিছু জিনিস চুরি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ চুরির ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, ব্রুনোর বাড়ির আশেপাশে অন্য একটি বাড়ির পিছনের বাগানে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়।
পরে তদন্ত করে দেখা যায়, ফার্নান্দেজের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ি থেকে একাধিক জিনিস খোয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের শনাক্ত করা যায়নি এবং কাউকে গ্রেপ্তারের খবরও সামনে আসেনি।
তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা বিভাগের আধিকারিক ডেভ জার্ভিস জানিয়েছেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে ঘটনার সময় বাড়িতে ছিলেন না ব্রুনো ফার্নান্দেজ বা তাঁর পরিবারের কোনও সদস্য।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফেও ব্রুনো ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, চুরির ঘটনার দিনই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কোমোর বিরুদ্ধে ৪-১ গোলে হেরেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
হারের পর কোচের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কোমোর বিরুদ্ধে প্রতিপক্ষকে ম্যান-টু-ম্যান পদ্ধতিতে প্রেস না করার সিদ্ধান্তের সমালোচনা করেন পর্তুগিজ তারকা।
তাঁর মতে, প্রতিপক্ষকে বেশি বলের দখল দেওয়ায় তারা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ পেয়েছে। ফার্নান্দেজের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ক্যারিকও। ইউনাইটেড কোচের বক্তব্য, শুধু স্ট্র্যাটেজি দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়।
এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে হারের পরেও ইউনাইটেড শিবিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই ম্যাচের পর ফুটবলারদের নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন লিসান্দ্রো মার্টিনেজ।
ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সের নাম উল্লেখ করেও সমালোচনা করেছিলেন তিনি। পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন আর্জেন্টাইন ডিফেন্ডার। চ্যাম্পিয়ন্স লিগে পরপর দুটো হারের পর এখন চাপ বাড়ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের উপর।
https://youtu.be/JwFdq_tA9cE?si=n0G7RSBfxpaDIap8
কোচ ক্যারিকের কৌশল এবং দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। রবিবার প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে ইউনাইটেড। তার আগে ফার্নান্দেজের বাড়িতে চুরির ঘটনা দলের উদ্বেগ আরও বাড়াল।
