Published on
:
2 min read
দুর্গাপুজোর উদ্বোধনে এসেও বিগত সরকারকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গেই নাম না করেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়দেরকেও কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, সকলকে নিয়েই কাজ করবেন তিনি। একই সঙ্গে বলেন, ‘যাঁরা আমিত্ব করেছিল তাঁরা আজ হারিয়ে গিয়েছে।’
শুক্রবার, মহাষষ্ঠীর দিনে, পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম ছাড়াও তমলুক এলাকায় একাদিক দুর্গাপুজোর উদ্বোধন করেন রাজ্যে মুখ্যমন্ত্রী। অন্যান্য পুজোমণ্ডপের পাশাপাশি পূর্ব মেদিনীপুর পুলিশ লাইনের দুর্গাপুজোর উদ্বোধন-ও করেন তিনি। মঞ্চ থেকে জানিয়ে দেন, সকলকে এক সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। কাঁথি পুরসভার কাউন্সিলর থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেও তাঁর মানসিকতার যে পরিবর্তন হয়নি তাও জানান শুভেন্দু অধিকারী। নিজের কর্তব্য থেকে তিনি যে সরে আসবেন না তাও বুঝিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
এর পরেই, নাম না করেই কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের। পুলিশ লাইনসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রীর কি লেজ আছে না সিং আছে? মুখ্যমন্ত্রীও যা সাধারণ মানুষও তা। গণতন্ত্রে আমি একটা জায়গা পেয়েছি, আমি সকলকে নিয়ে কাজ করছি। আমি সকলকে নিয়েই চলব। স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন, আমি বলতে নেই, আমরা। আমিত্ব যাঁরা করেছেন তাঁরা হারিয়ে গিয়েছেন। তাঁদেরকে দেখতে পাবেন না।’
শুধু তাই নয়, ওই মঞ্চ থেকেও বিগত সরকারকে কটাক্ষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ আবাসনের বেশ কিছু সমস্যা আছে। সেখানে নতুন আবাসন করার দরকার। সেই কথাও জানান তিনি। এই কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে। এর পরেই আগের সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিগত সরকার পুলিশ আবাসন করার জন্য হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে জমি নিয়েছিল। ভবানীপুর থানার পাশে সেই জমি আছে। সেখানে কিছু হয়নি।’ ওই জমিতে পুলিশ আবাসন করার জন্য পরিকল্পনা করার জন্যও তিনি নির্দেশ দেন জেলাশাসককে।
এরই সঙ্গে পুলিশ কর্মীদের জন্য খুশির খবরও শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর সময়ে সকলে আনন্দ করলেও ছুটি থাকে না পুলিশ, দমকল এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অন্য কর্মীদের। বরং পুজোর দিনগুলিতে বাড়তি কাজের চাপ থাকে তাঁদের। পুজোর পরেই, পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য পুলিশ, দমকল এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অন্য কর্মীদের দু'দিন ছুটি দেওয়া হবে বলে জানান তিনি। পুলিশ কর্মীদের নিয়মিত শরীরচর্চার জন্য প্রতি থানায় জিম তৈরি করা হবে বলেও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা-সহ অন্যান্যরা।
