দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতে চোরাচালান, মাদক ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে ২৪৮ পিস ভারতীয় নেশাজাতীয় ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ধর্মজান বিওপির একটি বিশেষ আভিযানিক দল বিরল উপজেলার সীমান্তবর্তী কাঠুলিয়াপাড়া এলাকায় এ চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে বিজিবি সদস্যরা পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় ২৪৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত উক্ত মাদকের আনুমানিক সিজার মূল্য ৭৪ হাজার ৪০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া এ চালানের সঙ্গে জড়িত পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএইচআর
