স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধির বিশেষ বার্তা নিয়ে রাজধানীর হাতিরঝিলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘পিংক রান ২০২৬’। প্রয়াত প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন ‘হিমু পরিবহন’-এর উদ্যোগে শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত এই দৌড়ে অংশ নেন নানা শ্রেণি-পেশার প্রায় ১ হাজার প্রতিযোগী।
ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগী ও স্বেচ্ছাসেবকেরা হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার প্রাঙ্গণে সমবেত হন। প্রাথমিক ওয়ার্ম-আপ (গা গরম) পর্ব ও যৌথ জাতীয় সংগীত পরিবেশন শেষে সকাল ৬টায় আনুষ্ঠানিকভাবে দৌড় শুরু হয়। টুর্নামেন্টে প্রতিযোগীদের জন্য ১৫ কিলোমিটার ও সাড়ে সাত কিলোমিটারের দুটি ক্যাটাগরি এবং শিশুদের জন্য ১ কিলোমিটারের একটি বিশেষ ক্যাটাগরি রাখা হয়।
‘টুগেদার অ্যাগেইনস্ট ব্রেস্ট ক্যানসার’ (স্তন ক্যান্সারের বিরুদ্ধে একসূত্রে) প্রতিপাদ্যে আয়োজিত এই 'পিংক রান'-এ অংশ নেন সংস্কৃতি ও বিনোদন জগতের একাধিক তারকা। প্রথমবারের মতো সাড়ে সাত কিলোমিটার পথ দৌড়ে পাড়ি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী।
দৌড় শেষে ঐশী বলেন, “অক্টোবর বিশ্বজুড়ে স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালিত হয়। সামাজিক দায়বদ্ধতা ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার মতো সচেতনতামূলক পদক্ষেপে অংশ নিতে পেরে আমি আনন্দিত।”
হিমু পরিবহনের সাধারণ সম্পাদক আহসান হাবিব জানান, গত ১২ বছর ধরে তাঁদের সংগঠন ক্যান্সার সচেতনতা ও দূরীকরণে সামাজিক মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ, সাধারণ মানুষের সংশয় দূর এবং সামাজিক সচেতনতা জোরদার করাই এই দীর্ঘমেয়াদি উদ্যোগের মূল লক্ষ্য।
উল্লেখযোগ্য এই সামাজিক উদ্যোগের টাইটেল পার্টনার ছিল রেনাটা পিএলসি এবং সহযোগী প্রতিষ্ঠান ছিল ‘দ্য অ্যাথলেট এক্স’। অনুষ্ঠানটির ফিচার পার্টনার ছিল প্রথম আলোর জনপ্রিয় ক্রোড়পত্র ‘ছুটির দিন’। এ ছাড়া ব্লেন্ডার্স চয়েস, স্যাভয়, লুমেরা, অন্বেষা প্রকাশনী, ভ্রমণকন্যা—ট্রাভেলেটস অব বাংলাদেশ এবং বাংলাদেশ ক্যান্সার ইনস্টিটিউট সার্বিক সহযোগিতায় যুক্ত ছিল।
