Published on
:
1 min read
এক সময়ের প্রেম, তার পর বিচ্ছেদ। কিন্তু পেশাদার সম্পর্কের সমীকরণ যে তিক্ততায় আটকে নেই, তারই যেন ইঙ্গিত দিলেন বলিউডের দুই তারকা শাহিদ কাপুর ও করিনা কাপুর খান। IIFA 2027-এর সাংবাদিক বৈঠকে প্রাক্তন যুগলের উষ্ণ আলিঙ্গন ঘিরে এখন চর্চা নেটপাড়ায়। দুই তারকার এই সৌজন্য বিনিময় দেখে আবারও স্মৃতিমেদুর তাঁদের অনুরাগীরা।
২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘জব উই মেট’-এর গীত ও আদিত্যকে ফের একসঙ্গে পর্দায় দেখার দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনুষ্ঠানে মঞ্চে একসঙ্গে দেখা যাওয়ার পাশাপাশি মঞ্চের বাইরেও সৌজন্য বিনিময় করেন শাহিদ ও করিনা। পরস্পরকে আলিঙ্গন করেন তাঁরা। সেই মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
প্রাক্তন দুই প্রেমিক-প্রেমিকা শাহিদ ও করিনার এমন সাক্ষাৎ অবশ্য এই প্রথম নয়। ২০২৫ সালের মার্চে জয়পুরে IIFA-র সাংবাদিক বৈঠকেও একসঙ্গে দেখা গিয়েছিল দু’জনকে। সেখানেও তাঁদের হাসিমুখে কথা বলা ও আলিঙ্গনের মুহূর্ত নজর কেড়েছিল। সেই সময়ও ‘জব উই মেট’-এর স্মৃতি উসকে দিয়েছিলেন তাঁরা।
তখন তাঁদের সাক্ষাৎ নিয়ে তৈরি হওয়া আগ্রহের প্রসঙ্গে শাহিদ জানিয়েছিলেন, তাঁদের কাছে এমন দেখা হওয়া নতুন কিছু নয়। তাঁর কথায়, তাঁরা বিভিন্ন জায়গায় একে অপরের সঙ্গে দেখা করেন এবং বিষয়টি তাঁদের কাছে একেবারেই স্বাভাবিক। অনুরাগীরা তাঁদের এই মুহূর্ত দেখে খুশি হলে সেটাও ভালো বলেই মন্তব্য করেছিলেন অভিনেতা। শাহিদের সেই বক্তব্য থেকেই স্পষ্ট হয়েছিল, তাঁদের মধ্যে সৌজন্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।
