মালয়েশিয়ার আলবুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন ও প্রদর্শনী ২০২৬-এ মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।
সামাজিক উদ্যোক্তা তৈরি, উদ্ভাবনী উদ্যোগের বিকাশ এবং টেকসই সামাজিক প্রভাব সৃষ্টিতে ড্যাফোডিলের অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ ‘দ্য ড্যাফোডিল মডেল’ তুলে ধরেন তিনি।
১৩ থেকে ১৫ অক্টোবর ‘সবার জন্য সামাজিক ব্যবসা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, উদ্যোক্তা ও সামাজিক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী ও টেকসই সমাধান খুঁজে বের করা ছিল সম্মেলনের অন্যতম লক্ষ্য।
সম্মেলনের উদ্বোধনী দিনে ড. সবুর খান ‘ড্যাফোডিলে সামাজিক ব্যবসা: শিক্ষা থেকে কার্যক্রম, উদ্ভাবন ও টেকসই প্রভাব’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পাশাপাশি ‘সফল সামাজিক উদ্যোক্তা গড়ে তোলা ও বিকাশে ড্যাফোডিল মডেল’ শীর্ষক বিশেষ আলোচনায় অংশ নেন।
উপস্থাপনায় ড. সবুর খান সামাজিক উদ্যোক্তা তৈরিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমন্বিত উদ্যোগ তুলে ধরেন। এ উদ্যোগের সাতটি প্রধান স্তম্ভ হলো- শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা অর্জন, প্রতিযোগিতা, গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন, সহযোগিতা এবং সামাজিক প্রভাব। তিনি দেখান, কীভাবে বিশ্ববিদ্যালয়গুলো প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে ব্যবহারিক অভিজ্ঞতা, উদ্ভাবন ও উদ্যোগ বিকাশের সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের বাস্তব জীবনের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে পারে।
প্রবন্ধে সামাজিক ব্যবসাবিষয়ক শিক্ষা, আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ, নতুন উদ্যোগ বিকাশে সহায়তা এবং ডিজিটাল দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এসব উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তাসুলভ মানসিকতা গড়ে তোলার পাশাপাশি সমাজের জন্য অর্থবহ ও টেকসই সমাধান তৈরিতে উৎসাহিত করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির অঙ্গীকারকে প্রতিফলিত করে।
সম্মেলনে আরও বক্তব্য রাখছেন মালয়েশিয়ার জাতীয় উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিভিয়ান্তি সারজুনি এবং ডিসকভার মুয়াই থাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা ইমরান হারিথসহ বিশিষ্ট ব্যক্তিরা।
আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন ও প্রদর্শনী ২০২৬-এ ড. সবুর খানের অংশগ্রহণ সামাজিক উদ্যোক্তা তৈরিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে। একই সঙ্গে দায়িত্বশীল, উদ্ভাবনী ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ নতুন প্রজন্মের উদ্যোক্তা গড়ে তোলার ক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে।
