লিওনেল মেসি অগণিত ক্লাবের মুখোমুখি হয়েছেন, সৌজন্যতার খাতিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে অনেক জার্সি বিনিময় করেছেন তিনি। যেগুলো নিশ্চয় তার ঘরে শোভা পাচ্ছে। কিন্তু তার ছেলে চিরোর গায়ে যে জার্সি দেখা গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতালিয়ান ফুটবলে চমক দেখানো ক্লাব কোমোর জার্সি! ২১ বছর পর ২০২৪ সালে সিরি আ-তে জায়গা পাওয়া ক্লাবের জার্সি কেন মেসির ঘরে, তা নিয়ে কৌতূহল তুঙ্গে।
মেসির স্ত্রী ও চিরোর মা আন্তোনেলা রোকুজ্জো একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যেখানে তাদের সন্তানের গায়ে ছিল কোমোর জার্সি। কেন এই জার্সি, সেই রহস্য ভেদ করেছেন ক্লাবটির বর্তমান কোচ ও মেসির সাবেক বার্সা সতীর্থ সেস ফেব্রিগাস।
ফুটবল ইতালিয়া-র প্রকাশিত মন্তব্যে ফেব্রিগাস স্কাই-কে বলেছেন, ‘আমিই তাদের ওই জার্সি দিয়েছি। আমাদের স্ত্রী, সন্তান ও আমার সঙ্গে বহুবছর ধরে বন্ধুত্ব। আমি তাদের অনেক কোমো জার্সি পাঠিয়েছি।’
ইতালিয়ান গণমাধ্যমের দাবি, মেসির অবসরের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পাওয়ার দৌড়ে এগিয়ে থাকা নিকো পাজের প্রতি মুগ্ধতা থেকে কোমো জার্সি বেছে নিয়েছে চিরো। কিন্তু কোমো কোচ সেই দাবি বাতিল করলেন, ‘এটা আমার জার্সি।’ তিনি ব্যাখ্যা দিলেন, ‘ফেব্রিগাস নামটা পেছনে লেখা আছে এবং নম্বরটা তো অবশ্যই ৪।’
ফেব্রিগাস ও মেসি একসঙ্গে লম্বা সময় বার্সেলোনায় কাটিয়েছেন। দুজনে মিলে ১২৩ ম্যাচ খেলেছেন। জিতেছেন ২০১৩ লা লিগা ও ২০১১ উয়েফা সুপার কাপ।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের তৃতীয় রাউন্ডে কোমো ম্যানইউকে স্বাগত জানাবে।
এফএইচএম
