ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৭০২ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য থেকে এসব তথ্য জানা গেছে। জামিনা (৪৬) নামের ওই নারী হালুয়াঘাট উপজেলার বাসিন্দা আকিকুল ইসলামের স্ত্রী।।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত জামিনা গত ৮ অক্টোবর রাত ১০টা ৫০ মিনিটে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ১৩ অক্টোবর ভোর ৪টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক তথ্যমতে, ডেঙ্গুজনিত শক সিনড্রোমের কারণে হৃদ্যন্ত্র ও শ্বাস-প্রশ্বাসের কার্যকারিতা অপরিবর্তনীয়ভাবে বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ জন। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ৯৯ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৫৭ জন পুরুষ, ২৯ জন নারী ও ১৩ জন শিশু।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডা. মো. সেলিম উদ্দিন বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির পাশাপাশি অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে একজন রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
হাসপাতালের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৭০২ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন খান বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বাত্মকভাবে কাজ করছে। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, বিশেষ করে তীব্র পেটব্যথা, বারবার বমি, রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দেরি না করে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিন।
