রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথ থেকে ডিম্বাকৃতির ছয়টি সোনার পেস্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব বস্তুর প্রাথমিক ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। তবে এসব পেস্টে প্রকৃত সোনার পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মালদ্বীপ থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৩৮ ফ্লাইটে রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোহাম্মদ সোলাইমান ও জোবায়েদ আহমদ। পরে তাঁদের কাছ থেকে এসব সোনার পেস্ট উদ্ধার করা হয়।
এনবিআরের এই কর্মকর্তা জানান, দুই যাত্রীর প্রত্যেকের রেক্টামে বা পায়ুপথে তিনটি করে মোট ছয়টি ডিম্বাকৃতির সোনার পেস্টের বস্তু পাওয়া যায়। উদ্ধার হওয়া বস্তুগুলোর প্রাথমিক ওজন ২ দশমিক ৭৩৪ কেজি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে আল-আমিন শেখ আরও জানান, উদ্ধার হওয়া সোনার পেস্টে প্রকৃত সোনার পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। পাশাপাশি আলামতের যথাযথতা সংরক্ষণের স্বার্থে উদ্ধার হওয়া বস্তুগুলো অবিকৃত রাখা হয়েছে। উপযুক্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে এসব পেস্ট থেকে প্রাপ্ত বিশুদ্ধ সোনার ওজন ও প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করা যাবে।
