জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার ১১ নং ইতনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ পাংখারচর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবারটি মোহাম্মদ রাজু মোল্লা নামের একজন দিনমজুর, যিনি ওই ঘরে পরিবারসহ বাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে হঠাৎ করেই মোহাম্মদ রাজু মোল্লার বসতঘরে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন ও আশপাশের মানুষ আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালালেও ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই টিন ও কাঠের তৈরি ঘরটি আসবাবপত্রসহ পুড়ে মাটির সাথে মিশে যায়।
ভুক্তভোগী রাজু মোল্যা জানান, নগদ অর্থ, খাদ্যসামগ্রী, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, ছেলেমেয়েদের কাপড়চোপড়, চাল-ডাল কিছুই আর রইল না। আমরা এখন খেলা আকাশের নিচে।
লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ সোহাগুজ্জামান বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরসহ আসবাবপত্রসহ পুড়ে যায়।
