কালবেলা · আন্তর্জাতিক
বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৬ দফা দাবি সাদপন্থিদের
১৪/১০/২০২৬

টঙ্গীর বিশ্ব ইজতেমার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, অতীতের সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও বিচার এবং তাবলিগ জামাতের ধর্মীয় কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদপন্থি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সংগঠনটির মিডিয়া সমন্বয়ক মো. সায়েম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়। এতে ‘ওলামা-মাশায়েখ বাংলাদেশ’-এর সাম্প্রতিক সংবাদ সম্মেলনে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দেওয়া বক্তব্যকে অসত্য, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়। সংগঠনটির অভিযোগ, রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপে তাবলিগ জামাতের বিরোধ আরও বাড়ছে।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, অতীতের সহিংসতা ও প্রাণহানির নিরপেক্ষ তদন্ত ও বিচার, অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত ধর্মীয় ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, ইজতেমা ময়দান ব্যবহারে সংশ্লিষ্ট পক্ষগুলোর ন্যায্য অধিকার নিশ্চিত, মার্কাজ মসজিদ নিয়ে বিরোধের আইনানুগ নিষ্পত্তি এবং মসজিদগুলোতে তাবলিগের নিয়মিত কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা।
সংগঠনটি ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর ইজতেমা ময়দানকেন্দ্রিক সহিংসতা এবং বিভিন্ন সময়ে সংঘটিত প্রাণহানির ঘটনায় নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। এ ছাড়া, ২০১৮ সালে ইসমাইল মণ্ডল ও শামসুদ্দিন বেলাল, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর বেলাল হোসেন ও মিজানুর রহমান এবং অন্যান্য সময়ে নিহত ব্যক্তিদের মৃত্যুর ঘটনা তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ২০২৪ সালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সভার সিদ্ধান্ত বাস্তবায়ন এবং ১৭ ডিসেম্বর রাতে ডা. আসগরের নামে প্রচারিত কথিত অডিও রেকর্ডের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।
মূল প্রতিবেদনে যান ↗