জালালাবাদ রিপোর্ট : পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে নিজের মুদি দোকান ও জমি বিক্রি করে বিদেশে পাড়ি দিয়েছিলেন সিলেট বিভাগের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মতব্বির হোসেন (৫০)। স্বপ্ন ছিল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার। তবে লিবিয়ার গানপুদা কারাগারে আটক থাকা অবস্থায় গত ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
মৃত মতব্বির নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামের মৃত আওর বখতের ছেলে। প্রায় চার মাস আগে দোকান ও ২০ শতাংশ জমি ১৪ লাখ টাকায় বিক্রি করে স্থানীয় একটি মানবপাচারকারী চক্রের মাধ্যমে সৌদি আরব হয়ে লিবিয়ায় যান তিনি। গত চার মাসে তিনবার নৌপথে গ্রিসে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। সর্বশেষ চেষ্টাকালে লিবিয়ার পুলিশের হাতে আটক হন।
পরিবার সূত্রে জানা গেছে, মতব্বির আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। দেশে তাঁর বাইপাস অস্ত্রোপচার হয়েছিল। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে আলফা মিথিন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ অক্টোবর তাঁর মৃত্যু হয়। গত বুধবার তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছায়। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
দুই ছেলে ও এক মেয়ের জনক মতব্বিরের একমাত্র উপার্জনে চলত পরিবারটি। স্বামীর মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুতি জানিয়েছেন স্ত্রী ফিরোজা বেগম।
