ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে আকস্মিক পরিদর্শনে তিনি শিক্ষার্থী ও বাসিন্দাদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টার ও আজিমপুরের সরকারি আবাসিক এলাকা পরিদর্শন করেন। স্কুলে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে উৎসাহিত করেন তিনি। পাশাপাশি আবাসিক এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার পরামর্শ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এবং ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে এ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়। কর্মসূচিতে সিটি করপোরেশনের কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা অংশ নেন। জনসচেতনতা বাড়াতে বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও র্যালির আয়োজন করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় নিউমার্কেট এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
বিআলো/শিলি