আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ তে ভারতীয় বোলারদের নির্বিষ বোলিংয়ের ফলে বিশাল রান করেও হারতে হয়েছে। সমালোচনার ঝড় বয়ে যায়। অনেকেই এই বোলিংকে নখদাঁতহীন অ্যাখ্যা দেয়। ২৫০ রান করেও জিততে না পারা টিম ইন্ডিয়ার জন্য একপ্রকার ওয়েক আপ কল। তারকা পেসার যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে এই বোলিং ইউনিট চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার উপযুক্ত কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু সমালোচকদের সঙ্গে একমত নন টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ। আগের ম্যাচের উদাহরণ টেনে জানান, ২২৩ রান ডিফেন্ড করেছে বোলাররা।
ভরত অরুণ বলেন, 'অনেকেই বলছে ভারতীয় বোলিং নখদাঁতহীন। আমার মনে হয়, এটা ঠিক বলছে না। কারণ শেষ ম্যাচেই ২২৩ রান ডিফেন্ড করেছে। মানছি আগের কয়েকটা ম্যাচে বড় রান করেও হারতে হয়েছে। কিন্তু আগের ম্যাচে বোলাররা ভাল বল করেছে। কখনও ব্যর্থ হতেই পারে।' ভারতে এমন বোলার নেই যারা বল সুইং করতে পারে, এমন দাবি মানতে নারাজ ভরত অরুণ। দাবি, এমন প্রতিভাদের চিহ্নিত করতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। অরুণ বলেন, 'আমি এটা মানতে নারাজ। আমার মতে, ভারতে প্রচুর তরুণ বোলার আছে যারা বল সুইং করাতে পারে। এই বোলারদের চিহ্নিত করতে হবে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টকে। তবে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, দেশে যথাযথ সুইং বোলার আছে কিনা? যারা বল সুইং করতে পারে? আমি বলব আছে। ভারতে এমন অনেক বোলার আছে, যারা বল সুইং করাতে পারে।'
আগের দিন ম্যাচের পর বোলারদের প্রশংসা করেন শ্রেয়স। জানান, তাঁদের ভাবনায় অনেক বেশি স্বচ্ছতা ছিল। শ্রেয়স বলেন, 'বোলাররা আত্মবিশ্বাসী ছিল। স্বচ্ছ ধরনা ছিল। সেটাই কাজে লাগিয়েছে। আমি যখনই যাকে বল দিয়েছি, সে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আমরা সেটাই চাই।' বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচ ভারতের।
