কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মোহাম্মদ মনির (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক মনির একই ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সোনাইছা গ্রামের বাসিন্দা। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসে থাকাকালে নোয়াইজ্জা গ্রামের এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন মনির। এই সম্পর্কের সুযোগ নিয়ে তিনি ওই নারীর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি দেশে ফেরার পর রোববার সকালে নোয়াইজ্জা গ্রামে এলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়।
পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি এলজি এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও গুলিসহ মনিরকে আটক করে থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের এই ঘটনায় আটক মনিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।
