পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী শিশু রায়হান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুটির মা রুমা বেগম জানান, সকালে রায়হানকে ঘুমন্ত অবস্থায় রেখে তিনি গৃহস্থালির কাজে বাইরে যান। কিছুক্ষণ পর কুকুরের ডাক শুনে তিনি ঘরে ফিরে আসেন। এ সময় ঘরে গিয়ে শিশুটিকে আর খুঁজে পাননি।
শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে কীভাবে শিশুটি নিখোঁজ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
শিশুটির বাবা মো. রাসেল খান জানান, তিনি শিশুটির সঙ্গে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পুকুরে মোটর লাগিয়ে পানি শুকিয়েও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, ঢাকা-কুয়াকাটা মহাসড়ক কাছাকাছি হওয়ায় পাচারকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনাকে কেন্দ্র করে ঘুটাবাছা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশও চেষ্টা চালাচ্ছে।
এমএ
