সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন এবং বন্দরনগরী ইয়ানবুতে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। তবে এসব হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, রিয়াদ এবং ইয়ানবুর কাছাকাছি ইসলামের পবিত্র নগরী মদিনার ওপর দিয়ে উড়ে যাওয়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এদিকে হুথিদের ধারাবাহিক হামলার আশঙ্কায় ধাহরানে অবস্থিত নিজেদের প্রধান কার্যালয় খালি করার নির্দেশ দিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো। বিষয়টি সম্পর্কে অবগত ছয়টি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে সৌদি নেতৃত্বাধীন জোট দীর্ঘদিন ধরে হুথিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। বাব আল-মান্দেব প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘাতের মধ্যে নতুন করে এই হামলার দাবিকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গত জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া সৌদি হামলায় ইয়েমেনে ৫৬২ জন নিহত ও আহত হয়েছেন। ওই সময় বাব আল-মান্দেব প্রণালিতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ জারি করেছিল হুথি গোষ্ঠী।
সূত্র: খবর রয়টার্স
