প্রকাশিত: ১০:৫৬, ২২ অক্টোবর ২০২৬ আপডেট: ১০:৫৬, ২২ অক্টোবর ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হিসেবে থাকা সংসদ সদস্যদের স্বাক্ষর যাচাই করতে জাতীয় সংসদ সচিবালয়ের কাছে স্বাক্ষরের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এজন্য সংসদ সচিবালয়ের সচিবকে চিঠি দিয়েছে ইসি। আগামী ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সদস্যদের স্বাক্ষরের তালিকাসহ একজন কর্মকর্তাকে উপস্থিত রাখার অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ইসির যুগ্মসচিব ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।
ইসির চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৬ অক্টোবর। পরদিন মনোনয়নপত্র বাছাই করা হবে। এ সময় প্রস্তাবক ও সমর্থক হিসেবে সংসদ সদস্যদের দেওয়া স্বাক্ষর ও অনুস্বাক্ষর যাচাইয়ের প্রয়োজন হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। ২ নভেম্বর প্রতীক বরাদ্দের পর ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আলোচনায় আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। পরে সংসদ সচিবালয় তার আসনটি শূন্য ঘোষণা করে।
