অক্টোবর ২৪, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
না ফেরার দেশে পাড়ি জমালেন বিসিবির সাবেক পরিচালক এবং ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল। শনিবার (২৪ অক্টোবর) রাজশাহীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহমুদ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি লিখেছে, ‘সাবেক বিসিবি পরিচালক ও প্রবীণ ক্রীড়া সংগঠক মাহমুদ জামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রাজশাহীতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।’
রাজশাহীর ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান ছিল মাহমুদের। বিসিবি বলেছে, ‘রাজশাহীর ক্রীড়াঙ্গনের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব মাহমুদ জামাল চার দশকেরও বেশি সময় ধরে ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রসারে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তিনি দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্যও ছিলেন।’
‘মাহমুদ জামাল দুই মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছিলেন। ২০০৫ সালে প্রথমবার এবং ২০০৮ সালে দ্বিতীয়বার তিনি এই দায়িত্ব লাভ করেন। মাহমুদ জামালের মৃত্যুতে বিসিবি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা এবং আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে।’
খুলনা গেজেট/উউরা
