প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানেই যাচ্ছেন, সেখানেই সবাইকে গাছ লাগাতে উৎসাহিত করছেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে বাগেরহাটের রামপালে ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদরাসার সুবর্ণজয়ন্তী উদযাপন ও মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিশেষ করে শিক্ষার্থীদের জন্মদিনসহ বিভিন্ন উৎসবে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তিনি বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মানাওয়ার হুসাইন তামিম, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান, মাদরাসার অধ্যক্ষ শরীফ মো. আব্দুল কাদির এবং উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী।
সুবর্ণজয়ন্তী ও মিলনমেলা উপলক্ষে এর আগে মাদরাসা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে শুরু হয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
