বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই মানেই সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা। মাঠের প্রতিদ্বন্দ্বিতার বাইরেও দুই দলের মুখোমুখি হওয়াকে ঘিরে থাকে নানা আয়োজন। এবার মৌসুমের প্রথম এল ক্লাসিকোকে ঘিরে সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করছে বার্সেলোনা। বিশেষ নকশার জার্সি পরে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলতে নামবে কাতালান ক্লাবটি।
মার্কিন সংগীতশিল্পী টাইলার, দ্য ক্রিয়েটরের ফ্যাশন ব্র্যান্ড ‘গল্ফ ওয়াং’-এর সঙ্গে যৌথভাবে এই বিশেষ জার্সি তৈরি করেছে বার্সেলোনা। ফুটবল ও সংগীতজগতের সংযোগ আরও দৃঢ় করার লক্ষ্যেই নেওয়া হয়েছে এ উদ্যোগ।
গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নতুন এই সহযোগিতার ঘোষণা দেয় বার্সেলোনা।
বিশেষ নকশার জার্সিটি প্রথমবার পরবে বার্সেলোনার নারী দল। আগামী ২৪ অক্টোবর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে তাদের গায়ে দেখা যাবে নতুন এই পোশাক। এর পরদিন পুরুষ দলের খেলোয়াড়েরাও একই জার্সি পরে মাঠে নামবেন।
২৫ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার কথা বার্সেলোনার। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় দুই দলের লড়াইয়ের পাশাপাশি তাই আলোচনায় থাকবে বার্সার নতুন জার্সিও।
সংগীতজগতের তারকাদের সঙ্গে যৌথ উদ্যোগে বিশেষ জার্সি প্রকাশ বার্সেলোনার জন্য নতুন কিছু নয়। ২০২২-২৩ মৌসুম থেকে ক্লাবটির প্রধান স্পনসর হিসেবে রয়েছে সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। এই অংশীদারত্বের আওতায় বিভিন্ন সময়ে বিশ্বখ্যাত শিল্পীদের নাম, প্রতীক ও ব্র্যান্ডকে ক্লাবের জার্সিতে তুলে ধরা হয়েছে।
