কালবেলা · আন্তর্জাতিক
কোয়াড নেতাদের বৈঠক কবে কোথায়, জানালেন রুবিও
২১/১০/২০২৬

আগামী নভেম্বরে ফিলিপাইনে চার দেশের জোট কোয়াডের নেতারা বৈঠকে বসবেন। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভারতের সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বৈঠক আয়োজনের বিষয়ে সম্মতি হয়েছে। তবে বৈঠকের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর ম্যানিলায় আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কোয়াড হলো যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের একটি কৌশলগত কূটনৈতিক জোট। এর পূর্ণ নাম কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। রুবিও বলেন, জোটটির কার্যক্রম আরও গতিশীল হচ্ছে। এবারের বৈঠকে শুধু আনুষ্ঠানিক আলোচনা নয়, বরং বাস্তবায়নযোগ্য উদ্যোগ ও সুনির্দিষ্ট ফলাফল তুলে ধরার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, সদস্যদেশগুলো এমন কিছু পদক্ষেপ ঘোষণা করতে চায়, যা বাস্তবে কাজে লাগবে। বৈঠকটি যেন কেবল সৌজন্য সাক্ষাতে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
২০২৪ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম কোয়াডের নেতারা শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন। এর আগে ভারত পালাক্রমে বৈঠক আয়োজনের দায়িত্ব পেলেও সময়সূচি নিয়ে জটিলতার কারণে তা পিছিয়ে যায়।
এদিকে নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিপাইন ও চীনের শেনজেন সফরের কথা রয়েছে। ফিলিপাইনে আসিয়ান-সংশ্লিষ্ট বৈঠকে অংশ নেওয়ার পর তিনি চীনে যাবেন। সেখানে ১৮ ও ১৯ নভেম্বর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের নেতাদের বৈঠক হওয়ার কথা। ওই সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকও হতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মূল প্রতিবেদনে যান ↗