নাটোর রেলওয়ে স্টেশনের ভিআইপি অপেক্ষা কক্ষ থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের মূল্যবান ল্যাপটপটি (ম্যাকবুক) অত্যন্ত দক্ষতায় উদ্ধার করে মূল মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই উদ্ধার অভিযানে পেশাদারত্ব, নিষ্ঠা ও দ্রুত পদক্ষেপের জন্য নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান এবং উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে বিশেষ পুরষ্কারে ভূষিত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে জার্মান পর্যটকের হাতে উদ্ধারকৃত ল্যাপটপটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন আইজিপি। অনুষ্ঠানে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সদরদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার-ওয়েবার। গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনের বিশ্রামাগারে অপেক্ষা করছিলেন তিনি। এ সময় নিজের ল্যাপটপ ও প্রয়োজনীয় মালামাল বিশ্রামাগারে রেখে পাশের একটি এটিএম বুথ থেকে টাকা তুলতে যান। ফিরে এসে ল্যাপটপটি না পেয়ে দিশেহারা হয়ে নাটোর সদর থানা পুলিশের শরণাপন্ন হন তিনি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, হারিয়ে যাওয়া ল্যাপটপটিতে ওই পর্যটকের বিগত ছয় মাসের গুরুত্বপূর্ণ তথ্য ও ভ্রমণসংক্রান্ত নথিপত্র সংরক্ষিত ছিল। অভিযোগের পর নাটোর সদর থানা পুলিশ, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে গঠিত একাধিক চৌকস টিম একযোগে অভিযানে নামে। পরে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় গত ১১ অক্টোবর রাতে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার একটি দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
ল্যাপটপটি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল ল্যান্ডার-ওয়েবার। সেই সঙ্গে বাংলাদেশ ভ্রমণে সাধারণ মানুষের আতিথেয়তা ও পুলিশের পেশাদার ভূমিকা নিয়ে নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। দ্রুততম সময়ে বিদেশি নাগরিককে সেবা প্রদান এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নগদ অর্থ পুরষ্কার দেন আইজিপি। এ সময় আইজিপি দেশের সকল পুলিশ ইউনিটকে দেশি-বিদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আরও যত্নশীল ও পর্যটনবান্ধব পুলিশিং জোরদার করার নির্দেশ দেন।
