রাজধানীর বাইরে শারদীয় দুর্গোৎসবের আয়োজন দেখতে আগামী ২০ অক্টোবর রংপুর সফরে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।
জেলা প্রশাসক বলেন, সফরকালে প্রধানমন্ত্রী একটি পূজামণ্ডপ পরিদর্শন করতে পারেন। এ জন্য নগরীর শ্রী শ্রী করুণাময়ী কালিমন্দির, ধর্মসভা ও গুপ্তপাড়া মন্দির প্রস্তুত করা হচ্ছে। তবে তিনি কোন পূজামণ্ডপে যাবেন, তা এখনো নিশ্চিত হয়নি।
সফরসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি রংপুর নগরীর রাধাগোবিন্দ মন্দির (ধর্মসভা)-এর উদ্দেশে রওনা দেবেন। বেলা ১১টার দিকে মন্দিরটি পরিদর্শনের কথা রয়েছে তার। পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। পাশাপাশি নেতাদের মধ্যে সমন্বয় জোরদার, সাংগঠনিক প্রস্তুতি ও স্থানীয় পর্যায়ে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরীর কোতোয়ালি থানার সামনে তিলোত্তমা হোটেলে জরুরি সভা আহ্বান করেছে জেলা বিএনপি। সভায় রংপুর জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌর বিএনপির নেতাদের পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
শ্রী শ্রী দুর্গা মন্দির, গুপ্তপাড়ার সভাপতি সুব্রত সরকার মুকুল বলেন, ‘আমরা এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো চিঠি পাইনি। তবে এসএসএফ ও এনএসআইয়ের সদস্যরা মন্দির পরিদর্শন করে গেছেন। আমরাও প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি।’
রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে রংপুরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এ উপলক্ষে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী রংপুরে এক থেকে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করতে পারেন।
তিনি আরও বলেন, ‘দেশে এটি একটি বিরল ঘটনা হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী রাজধানীর বাইরে শারদীয় দুর্গোৎসব দেখতে দেশের একটি অঞ্চলে আসছেন। এতে আমাদের নগরী আলোকিত হবে।’ প্রধানমন্ত্রীর সফর সফল ও নির্বিঘ্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
