অনলাইন ডেস্ক
৪ দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত ২টা ১০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা ছেড়ে যায়। ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হংকং হয়ে তিনি টোকিওতে পৌঁছাবেন। জাপানের স্থানীয় সময় বুধবার দুপুর আড়াইটার দিকে তার নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এ সফরে ড. মুহাম্মদ ইউনূস ৩০তম নিক্কেই ফোরামে যোগ দেবেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন ও সহযোগিতা এবং রোহিঙ্গা সমস্যা সমাধানসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার ৭টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা।
আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
