মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় দুজন নিহত হওয়ার ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের মুখে ঢাকা-আরিচা মহাসড়কে বাসটির চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আন্দোলনকারীদের সঙ্গে ভিডিও কলে কথা বলে এ ঘোষণা দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
এর আগে বৃহস্পতিবার সকালে পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল সেলফি পরিবহনের একটি বাস। একই সময় ঘিওর উপজেলার মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোরিকশা। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। গুরুতর আহত অপর এক যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশা চালকও গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
দুর্ঘটনার পর সেলফি পরিবহনের চলাচল বন্ধের দাবিতে স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে প্রায় ২০০-৩০০টি যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর তারা সড়ক অবরোধ করে সেলফি পরিবহনের চলাচল বন্ধের দাবি জানান। জেলা প্রশাসক ভিডিও কলে এসে বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও জানান তারা।
পরে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ভিডিও কলে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি সেলফি পরিবহনের চলাচল সাময়িক বন্ধ রাখার কথা জানালে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। প্রায় ৩ ঘণ্টা অবরোধ চলার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ঢাকা পোস্টকে বলেন, জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে সেলফি পরিবহনের চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জনসাধারণকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগেও সেলফি পরিবহনের চলাচল বন্ধের দাবিতে বিভিন্ন এলাকার বাসিন্দারা একাধিকবার মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। তারা জেলা প্রশাসকের কাছে একাধিক স্মারকলিপিও দিয়েছেন।
সাইফুল ইসলাম/এমএমবি
