রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)জেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীসহ বিএনপি’র একাংশ। এ সময় সার ডিলার নিয়োগের নেপথ্যে অর্থবাণিজ্য ও অনিয়মের অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবি জানান তাঁরা। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১১টার দিকে নাগেশ্বরী কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা প্রশাসন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে, উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছরের আওয়ামী লীগের দুঃশাসন ও নির্যাতনের কথা নেতারা ভুলে গেলেও বিএনপির তৃণমূলের কর্মীরা ভুলে যাননি। অর্থের বিনিময়ে বিএনপিকে বঞ্চিত করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের পুনর্বাসনের প্রক্রিয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।সমাবেশে বক্তারা দাবি করেন, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ১৫ জন সার ডিলারের মধ্যে ১০ জনকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার অনিয়মের মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নুরুন্নবী দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আল-আমিন, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামাল হক, সদস্য সচিব আতিকুর রহমান লেবু,পৌর যুবদলের আহবায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব নুর জামাল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাইয়ুম (রুমন), পৌর কৃষকদলের সদস্য সচিব আদম আলী, সাবেক যুবদল নেতা মায়েন উদ্দিন, ছাত্রদল নেতা আক্তারুজ্জামান রাশেদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
The post নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ নিয়ে বিএনপির একাংশের বিক্ষোভ appeared first on সকালের খবর ২৪.
