ছবি: সংগৃহীত
-->প্রয়াত অভিনেতা হিথ লেজারকে স্মরণ করতে আবারও এক মঞ্চে দাঁড়ালেন হলিউড অভিনেত্রী জুলিয়া স্টাইলস ও তার সহশিল্পীরা। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘১০ থিংস আই হেট অ্যাবাউট ইউ’ সিনেমার অভিনয়শিল্পীদের এই পুনর্মিলন ঘটে যুক্তরাষ্ট্রের টেলিভিশন অনুষ্ঠান ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’-এ।
২০ অক্টোবরের বিশেষ পর্বে হিথের প্রতি শ্রদ্ধা জানিয়ে নৃত্য পরিবেশন করেন জুলিয়া। অনুষ্ঠানের ‘ডেডিকেশন নাইট’ পর্বে জুলিয়া ও তার নৃত্যসঙ্গী এজরা সোসা ফ্র্যাঙ্কি ভ্যালির ‘ক্যান্ট টেক মাই আইজ অফ ইউ’ গানের সঙ্গে নাচেন। ১৯৯৯ সালের সিনেমাটিতে এই গান গেয়েই জুলিয়ার চরিত্র ক্যাট স্ট্র্যাটফোর্ডকে মুগ্ধ করেছিলেন হিথের চরিত্র প্যাট্রিক ভেরোনা। সেই দৃশ্যের স্মৃতি ফিরিয়ে আনতেই পরিবেশনাটিতে রাখা হয় সিনেমাটির কিছু পরিচিত অনুষঙ্গ। জুলিয়ার পোশাকেও ছিল পুরোনো চরিত্রের ছাপ।
নাচের শেষে মঞ্চে রাখা হিথের সঙ্গে একটি স্থিরচিত্র দেখে আবেগাপ্লুত হয়ে পড়নে এই অভিনেত্রী। এরপর মঞ্চে আসেন জোসেফ গর্ডন-লেভিট, গ্যাব্রিয়েল ইউনিয়ন, লারিসা ওলেইনিক, অ্যান্ড্রু কিগান ও সুসান মে প্র্যাট। সবাই মিলে হিথকে স্মরণ করেন। জুলিয়া জানান, হিথকে শ্রদ্ধা জানানোর পরিকল্পনায় তিনি একা থাকতে চাননি। সিনেমাটির পুরো দলকে সঙ্গে রাখার কথা বলেছিলেন তিনি। তার মতে, সহশিল্পীরা সবাই মিলে সিনেমাটির অংশ ছিলেন।
তাই এই আয়োজনেও তাদের সবার উপস্থিতি জরুরি ছিল। হিথের সঙ্গে কাজের স্মৃতি মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন জুলিয়া। তিনি বলেন, হিথের কাছ থেকে অনেক কিছু শিখেছেন। সেটে হিথ ছিলেন প্রাণবন্ত। তার উপস্থিতি অন্যদেরও উজ্জ্বল করে তুলত।
২০০৮ সালের জানুয়ারিতে ২৮ বছর বয়সে মারা যান হিথ লেজার। ‘১০ থিংস আই হেট অ্যাবাউট ইউ’ সিনেমাটি এখনো দর্শকদের কাছে জনপ্রিয়। দীর্ঘ সময় পর সহশিল্পীদের এই পুনর্মিলন আবারও সামনে এনেছে সিনেমাটির স্মৃতি এবং হিথের অভিনয়ের প্রভাব।
