শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তায় ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। পূজামণ্ডপের নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় উপকূলজুড়ে ৩ হাজার ৫০০ কোস্ট গার্ড সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বাগেরহাটের মোংলার শেলাবুনিয়া কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মহাপরিচালক বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবেও নিরাপত্তা দিয়ে আসছে কোস্ট গার্ড। এর ধারাবাহিকতায় দুর্গাপূজার শুরু থেকেই পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সদস্যরা সক্রিয় রয়েছেন।
তিনি জানান, কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় ১৪৪টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রতিমা বিসর্জনের সময় বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিসর্জনস্থলে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল উপস্থিত থাকবে।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তার জন্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের অনুরোধ জানান মহাপরিচালক। তিনি আশা প্রকাশ করেন, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।
