চট্টগ্রামে এই প্রথম জেলা প্রশাসকের মাধ্যমে শুভ মহালয়া অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। গত শনিবার বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত ‘শুভ মহালয়া ২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
আয়োজক ও স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতারা এ আয়োজনকে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ধর্মীয় সহাবস্থানের একটি তাৎপর্যপূর্ণ নিদর্শন হিসেবে দেখছেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রামের সাংস্কৃতিক ও জাতিগত বৈচিত্র্যের প্রশংসা করেন। তিনি বলেন, “দীর্ঘ ২১ বছরের মাঠ প্রশাসনের ক্যারিয়ারে এত বড় ক্যানভাসে মহালয়া প্রত্যক্ষ করার অভিজ্ঞতা এটাই প্রথম। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের প্রীতিপূর্ণ সহাবস্থানই চট্টগ্রামের ঐতিহ্য, যা আমাদের জাতীয় গর্ব।”
উৎসবের জাঁকজমকের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। তিনি নারী দর্শনার্থীদের নিরাপত্তা, সুশৃঙ্খল যাতায়াত ব্যবস্থা এবং পূজামণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবকদের সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান।
জেলা প্রশাসক আরও জানান, আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইতিমধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া পূজার আয়োজন নির্বিঘ্ন করতে সরকারি বরাদ্দও বৃদ্ধি করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নটু চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের আন্তরিকতা এবং আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক সহযোগিতার আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন আয়োজক কমিটির নেতারা। তাঁরা আশা প্রকাশ করেন, প্রশাসন ও আয়োজকদের সমন্বিত উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হবে।
The post চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে শুভ মহালয়ার উদ্বোধন appeared first on ভোরের চেতনা.
