ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় ভাবে আলোচনা-সমালোচনা শুরু হলে ওই ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
জহিরুল ইসলামের বাড়ি গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপা জাঙ্গালিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। সম্প্রতি জহিরুল ইসলামের একটি মাদক সেবনের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষের মাঝে সমালোচনার ঝড় উঠে। পরে বিষয়টি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের নেতাদের দৃষ্টিগোচর হলে জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ও এর অধিনস্থ গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য জহিরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
শনিবার দুপুরে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান, জহিরুল ইসলামের মাদক সাদৃশ্য বস্তু সেবনের একটি ভিডিও ক্লিপ আমাদের হাতে এসেছে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহিত দেয়া হয়েছে। জহিরুল নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। আমরা মাদক সেবনের ভিডিও ক্লিপ ও অভিযোগের বিষয় যাচাই-বাছাই করছি। তদন্ত করে পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
