
তেঁতুলিয়ায় কালো ধানের চাষ, কৃষিতে নতুন দিগন্তের হাতছানি
ধানের শীষ কালো! ব্যতিক্রমী এই ধান দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় করছেন আগ্রহী মানুষ । উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত এলাকায় কৃষক শাহরিয়ার শান্ত ইসলাম ১০ শতক জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করেছে ‘ব্ল্যাক রাইস’ বা কালো ধান। প্রচলিত ধানের বাইরে নতুন এই ধান আবাদ ঘিরে কৌতূহলের পাশাপাশি স্থানীয় কৃষকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। ফলন ও বাজারমূল্য অনুকূলে থাকলে কালো ধান তেঁতুলিয়ার কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কৃষক শাহরিয়ার শান্ত ইসলাম জানান, অনলাইনে কালো ধান চাষের বিষয় দেখে তিনি এ আবাদে আগ্রহী হন। পরে অনলাইনের মাধ্যমে পাঁচশত টাকা কেজি বীজ সংগ্রহ করে ১০ শতক জমিতে পরীক্ষামূলক চাষ শুরু করেন। বর্তমানে ধানের শীষ পরিপক্ব হওয়ার সঙ্গে সঙ্গে কালো রং ধারণ করছে। ব্যতিক্রমী এই ধান দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকার মানুষ তাঁর কালো ধান ব্লাকরাইজ দেখতে আসছেন।
শাহরিয়ার শান্ত ইসলাম বলেন, “প্রথমে ধানের গাছ সবুজ থাকলেও পরিপক্ব হওয়ার সঙ্গে সঙ্গে ধানের শীষের রং কালো হয়ে যায়। নিজের জমিতে এমন ব্যতিক্রমী ধান চাষ করতে পেরে ভালো লাগছে। ফলন ও লাভের সম্ভাবনা ভালো হলে ভবিষ্যতে আরও জমিতে কালো ধান চাষ করতে চাই।” শান্ত আরো বলেন শুনেছি এই ধানের চালের ভাত খেলে ডায়বেটিস রোগ প্রতিরোধ হয় । আমার বাবার ডায়বেটিস হয়েছে তাই বেশি গুরুত্ব দিয়ে এই আবাদ করেছি।
স্থানীয়রা জানান, তেঁতুলিয়ায় এর আগে এ ধরনের কালো ধানের চাষ তাঁরা দেখেননি। নতুন এই ধান দেখতে অনেকেই ধানক্ষেতের পাশে ভিড় করছেন। একই সঙ্গে এর চাষপদ্ধতি, ফলন সম্পর্কে কৃষকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করছে ।
কৃষি-সংশ্লিষ্টরা জানান, কালো চাল পুষ্টিগুণের জন্য পরিচিত। প্রচলিত চালের তুলনায় এর বাজারমূল্যও সাধারণত বেশি হতে পারে। তবে এ ধানের বাণিজ্যিক চাষ সম্প্রসারণের আগে উৎপাদন খরচ, ফলন, বাজারের চাহিদা ও বিক্রির নিশ্চয়তা যাচাই করা জরুরি। উৎপাদন বাড়লে বাজারদরে পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে।
বাংলাবান্ধা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোসাদ্দেকুর রহমান বলেন, “পরীক্ষামূলকভাবে চাষ করা কালো ধানের ফলন এবং কৃষকের লাভ-ক্ষতির বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। চাষ লাভজনক প্রমাণিত হলে ভবিষ্যতে তেঁতুলিয়ায় এ ধানের আবাদ সম্প্রসারণে কৃষকদের উৎসাহিত করা হবে।”
শাহজান আলী বলেন এই কালো ধান এত সুন্দর আবাদ হয়েছে, আগে জানলে আমিও করতাম। সামনের সিজনে অবশ্যই কালো আবাদ করবো।
ডাবলু বলেন আমি কালো ধান আবাদের কথা শুনে দেখতে এসেছি। অনেক সুন্দর দেখতে।
সংশ্লিষ্টরা মনে করছেন , পরীক্ষামূলক এই আবাদ সফল হলে তেঁতুলিয়ার কৃষিতে নতুন ফসল হিসেবে কালো ধানের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে ফলন, উৎপাদন ব্যয় ও বাজারের চাহিদা যাচাই করে কৃষকদের জন্য উপযোগী চাষপদ্ধতি নির্ধারণ করতে হবে।
