ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ আরও জোরদার হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘নরক নামিয়ে এনেছে’। তার এই মন্তব্যে তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
বিশেষ করে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে-এমন জল্পনার মধ্যেই এ মন্তব্য করেন ট্রাম্প।
দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, বেশির ভাগ মানুষ ভাবছেন, এটি নির্বাচনের পর ঘটবে। আমরা দেখব কী হয়।’
এর আগে ওই সমাবেশে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে এখনই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে পারে। তবে তিনি এমন একটি পরিণতি নিশ্চিত করতে চান, যা দীর্ঘস্থায়ী হবে। তার দাবি, সামরিক ও অর্থনৈতিক-দুই দিক থেকেই ইরানকে পরাজিত করেছে যুক্তরাষ্ট্র। তেহরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে হরমুজ প্রণালীতে এক দিনে সাতটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর এক দিনে জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার এটিই সর্বোচ্চ সংখ্যা বলে দাবি করেছে দেশটি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীতে এ ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াতে পারে। এ জলপথে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বৈশ্বিক তেল পরিবহন ও বাজারে তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
