পার্বত্য চট্টগ্রামের পর্যটনকেন্দ্র সাজেকে সৃষ্ট সমস্যা সমাধানে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
রোববার (২৫ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় হেডম্যান ও কার্বারিগণের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও সামগ্রিক উন্নয়নে হেডম্যান-কার্বারিসহ সকল মহরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। পাহাড়ি অঞ্চলের সংকট নিরসনে সব ভেদাভেদ ভুলে একাত্মতা ঘোষণা করার ওপরও জোর দেন তিনি।
সাজেক অঞ্চলের পর্যটন খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি অন্যতম প্রধান ট্যুরিস্ট জোন। এখানে পর্যটন ব্যবসা স্থবির হয়ে পড়লে বহু মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। বর্তমানে সাজেকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কারণে এই শিল্প হুমকিতে পড়েছে। তাই সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা চলছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, তাঁরা সবসময় শান্তি ও সম্প্রীতিতে বিশ্বাস করেন। যেকোনো অনভিপ্রেত ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন, হেডম্যান-কার্বারী ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সুনির্দিষ্ট যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার আহ্বান জানান তিনি।
রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন এলাকার হেডম্যান ও কার্বারিগণ। সভায় বক্তারা পাহাড়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
জেএইচআর
