পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাভর্তি ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আলআমিনের বসতবাড়িসংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে রাসেল খান তাঁর শিশুসন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তাঁর স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে কাজে ব্যস্ত ছিলেন। সকাল ৬টা ১০ মিনিটের দিকে রাসেল ঘুম থেকে জেগে ঘরে তাঁর স্ত্রীর বোনের স্বামী আলআমিনকে দেখতে পান। এরপর তিনি আবার ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর শিশুটি নিখোঁজ হয়।
পরিবারের দাবি, পারিবারিক বিরোধের জেরে আলআমিন শিশুটিকে হত্যা করেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই আলআমিনসহ অজ্ঞাতনামা তিন থেকে চারজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা করেন রুমানা বেগম। এর আগে ওই দিন দুপুরে পুলিশ আলআমিনকে গ্রেপ্তার করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এলাকায় মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
