নেপালের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে ২-৩ বছর সময় লাগবে: জাতিসংঘ কর্মকর্তা
নেপাল-চীন সীমান্তে বিধ্বংসী বন্যা ও ভূমিধসের দুই মাস পর নেপালে নিযুক্ত জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা বলেছেন, ওই অঞ্চলের পুনরুদ্ধার ও পুনর্গঠনে অন্তত দুই থেকে তিন বছর সময় লাগবে।
নেপালের দিকে, ২৬শে আগস্টের দুর্যোগে ১ হাজার ৪৫৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং ৫ হাজার ২০০ জনেরও বেশি এখনও নিখোঁজ রয়েছেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চীনের দিকে এই ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৪৩ জন নিহত হয়েছেন এবং অন্তত ৫১০ জনের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।
নেপালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, যিনি ত্রাণ কার্যক্রম সংগঠনে সহায়তা করছেন, তিনি শুক্রবার এনএইচকে'র সঙ্গে কথা বলেছেন। লিলা পীটার্স ইয়াহিয়া বলেন, মধ্য নেপালের রাসুয়া ও নুয়াকোট জেলার মতো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পুনরুদ্ধার কাজ চলমান থাকলেও বহু বাসিন্দা এখনও বাস্তুচ্যুত।
তিনি বলেন, "তারাও দুশ্চিন্তাগ্রস্ত, কারণ এখন তাদের অনেকেই ভাবছেন তাদের জীবিকার কী হবে এবং তারা জীবিকা নির্বাহের সুযোগ পাবেন কি না।"
ইয়াহিয়া বলেন, এখনও বহু এলাকায় পৌঁছানো কঠিন, তাই হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে।
তিনি বলেন, বহু ক্ষতিগ্রস্ত দালান এখনো ভেঙে ফেলা বাকি এবং বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ এখনও অপসারণ করা প্রয়োজন।