জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সমালোচনা করে ফেসবুকে কড়া বক্তব্য দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মাদকবিরোধী অভিযান নিয়ে নিজের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ তোলার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি নাহিদকে উদ্দেশ করে ‘ঘোড়ার ডিমের রাজনীতি’র কথা বলেন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব মন্তব্য করেন ইশরাক। এর আগে বাড্ডায় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে নাহিদ ইসলাম ইশরাকের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ তুলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নাহিদের বক্তব্যের জবাবে ইশরাক লেখেন, নাহিদ ইসলামকে তিনি কিছুটা হলেও নতুন বন্দোবস্তের ধারক মনে করতেন। কিন্তু তাঁর বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে নাহিদ মাদকের ভয়াবহতা ও প্রতিকার নিয়ে কথা না বলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
ইশরাক লেখেন, ‘আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? তারপরে আমারে ফাঁসি ঝুলাইতি।’
তরুণ প্রজন্মের উদ্দেশে হতাশা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’ এ সময় মাদকের বিরুদ্ধে তাঁর উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে এক তরুণ ফোন করেছিলেন বলেও দাবি করেন তিনি।
এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করেন ইশরাক। তাঁর ভাষ্য, মাদক নির্মূলে বৈধ উপায়ে উদ্যোগ নেওয়ার পরও যদি ফৌজদারি মামলার মুখোমুখি হতে হয়, তাহলে এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন আনা কঠিন।
নাহিদ ইসলামকে উদ্দেশ করে ইশরাক লেখেন, তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে মামলা করা যেতে পারে। সে ক্ষেত্রে তিনি নিজেই আত্মসমর্পণ করে কারাগারে যেতে প্রস্তুত বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন।
মাদক নির্মূলে প্রচলিত পদ্ধতির বাইরে কঠোর প্রতিরোধ গড়ে তোলার কথা জানিয়ে স্ট্যাটাসের শেষে বড় মাদক কারবারি ও বিক্রেতাদের উদ্দেশে হুঁশিয়ারি দেন ইশরাক। তিনি লেখেন, ‘অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে। বড় ডিলার/বিক্রেতারা অপেক্ষা কর।’
ইশরাক ও নাহিদ ইসলামের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে মাদকবিরোধী অভিযান, আইনের শাসন এবং রাজনৈতিক দায়িত্বশীলতা নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। তবে এ বিষয়ে নাহিদ ইসলাম বা এনসিপির পরবর্তী প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
The post এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন appeared first on ভোরের চেতনা.
