নির্ধারিত মৌসুম ছাড়া পর্বতারোহীদের উদ্ধার অভিযানে ফি ধার্যের পরিকল্পনা (৪) প্রেক্ষাপট
জাপানের দৈনন্দিন জীবন সম্পর্কিত প্রশ্নের উত্তর দিচ্ছে এনএইচকে। সেপ্টেম্বর মাসে ফুজি পর্বতের সীমানা বিভক্তকারী দুটি জেলা সরকার, নির্দিষ্ট কিছু শর্তে নির্ধারিত মৌসুম ছাড়া পর্বতারোহীদের উদ্ধার অভিযানের জন্য ফি ধার্য করার পরিকল্পনা ঘোষণা করেছে। চলতি ধারাবাহিকে আমরা এই পরিকল্পনার বিস্তারিত বিবরণ এবং এর কারণগুলো খতিয়ে দেখছি। আজ আমরা জানব, স্থানীয় সরকারগুলো কেন উদ্ধার অভিযানের জন্য ফি ধার্য করার কথা বিবেচনা করছে।
নির্ধারিত মৌসুমের বাইরেও ফুজি পর্বতে বেপরোয়া পর্বতারোহীদের কারণে দুর্ঘটনা ঘটেই চলেছে। শুধু ইয়ামানাশি জেলার দিকেই, ২০২৫ সাল পর্যন্ত ছয় বছরে এই ধরনের ১৮টি ঘটনা ঘটেছে। তিনটি ক্ষেত্রে জেলা কর্তৃপক্ষ দুর্যোগ মোকাবিলায় নিযুক্ত হেলিকপটার মোতায়েন করেছে এবং অন্য পাঁচটি ক্ষেত্রে পুলিশ বাহিনীর হেলিকপটার পাঠানো হয়েছে।
২০২৫ সালের এপ্রিল মাসে, একজন চীনা শিক্ষার্থী ফুজি পর্বতের শিযুওকা জেলার দিকে চলাচলে অক্ষম হয়ে পড়লে তাকে হেলিকপটার দিয়ে উদ্ধার করা হয়। উল্লেখ্য, মাত্র ছয় দিন আগেই এই শিক্ষার্থীকে পর্বত শৃঙ্গের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল। পুলিশ জানায়, এই শিক্ষার্থী মোবাইল ফোনসহ তার ব্যাগ ফিরিয়ে আনতে আবারও পর্বতে উঠেছিলেন এবং নামার পথে অসুস্থ হয়ে পড়েন।
পর্বত আরোহণের পথগুলো বন্ধ করে দেওয়ার পরে আরও বেশকিছু দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ, নির্ধারিত মৌসুমের বাইরে আরও কঠোর বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়েছে এবং উল্লেখ করেছে যে উদ্ধারকর্মীরা পর্বতারোহীদের বাঁচাতে গিয়ে নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছেন। প্রস্তাবিত উদ্ধার ফি-এর উদ্দেশ্য হলো এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা এবং পর্বতারোহী ও উদ্ধারকর্মী উভয়ের জীবন রক্ষা করা।
এই তথ্যসমূহ ২০২৬ সালের ২২শে অক্টোবর পর্যন্ত নেয়া।