সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরীর দ্রুত সুস্থতা কামনায় সুনামগঞ্জের দিরাইয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) যোহরের নামাজের পর উপজেলার করিমপুর ইউনিয়নের হলিমপুর মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। করিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইতালি প্রবাসী এনামুল হকের সৌজন্যে এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন করিমপুর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক আবুবক্কর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাবুর মিয়া, বিএনপি নেতা রেজাক মিয়া ও শাহনেওয়াজসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি চান মিয়া বলেন, “আমাদের এলাকার সংসদ সদস্য ও ভাটি অঞ্চলের মাটি ও মানুষের নেতা প্রবীণ রাজনীতিবিদ নাছির উদ্দিন চৌধুরী আমাদের এলাকার গৌরব। আমরা দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও অভিভাবকের মতো আমাদের আগলে রাখবেন। প্রিয় নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করায় এলাকার সন্তান এনামুল হককে অসংখ্য ধন্যবাদ।”
দোয়া মাহফিলে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
আয়োজকরা জানান, সংসদ সদস্যের দ্রুত সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর সুস্থতার জন্য তাঁরা সবার কাছে দোয়া কামনা করেন।
