নীলফামারী: রংপুরে যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে বাস থামান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন তিনি। উপহার দেন ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলার সামগ্রী। প্রধানমন্ত্রীর এমন আকস্মিক উপস্থিতিতে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে রংপুরে যাওয়ার সময় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের দেখে তিনি বাস থামান।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে শিক্ষার্থীরা কলেজের সামনে দাঁড়িয়ে ছিলেন। তাদের দেখে প্রধানমন্ত্রী বাস থামান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলার সামগ্রী উপহার দেন।’
তিনি আরও বলেন, ‘এ সময় তারা প্রধানমন্ত্রীর কাছে কলেজের অবকাঠামোগত উন্নয়নের অনুরোধ জানান। কলেজে দু’টি ছাত্রাবাস ও একটি হলরুম নির্মাণের দাবি জানিয়ে লিখিত আবেদনও দিয়েছেন তারা।’
সফরসূচি অনুযায়ী, সৈয়দপুর থেকে রংপুরের ধর্মসভা বা রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন।
রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করার কথা রয়েছে তার। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
এরপর রাজশাহী থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
