ভারতের দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজে পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) মাঝ আকাশে উড়োজাহাজটির ওপরের লাগেজ রাখার স্থানে আগুন ছড়িয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে সেটিকে হায়দরাবাদে সরিয়ে নেওয়া হয়। পরে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি। এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু সদস্য হতাহত হননি।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই৬১১৫ উড়োজাহাজটিতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, এক যাত্রীর ত্রুটিপূর্ণ পাওয়ার ব্যাংক থেকে ধোঁয়া ও আগুনের সূত্রপাত হয়।
উড়োজাহাজের ওপরের লাগেজ রাখার স্থানে আগুন ছড়িয়ে পড়লে কয়েকজন যাত্রী নিজেদের ব্যাগ দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। পরে কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি বিবেচনায় পাইলটরা নির্ধারিত গন্তব্য চেন্নাইয়ের পরিবর্তে হায়দরাবাদে অবতরণের সিদ্ধান্ত নেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক যাত্রীর মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে উড়োজাহাজের ওপরের লাগেজ রাখার স্থানে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় কয়েকজন যাত্রীকে ব্যাগ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়।
ইন্ডিগো এয়ারলাইনসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ফ্লাইটটিতে এক যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস থেকে ধোঁয়া শনাক্ত করা হয়। কেবিন ক্রুরা দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে পাইলটরা উড়োজাহাজটি হায়দরাবাদে অবতরণ করান।
সংস্থাটি আরও জানিয়েছে, যাত্রীদের চেন্নাই যাত্রা অব্যাহত রাখতে বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করা হয়েছে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে যাত্রীদের ভোগান্তি কমাতে খাবার ও পানীয় সরবরাহসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে ইন্ডিগো। তথ্যসূত্র: এনডিটিভি
কেএম
