কালিয়াকৈর হাইটেক পার্কে ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান
গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ বা পানীয়ের ক্যান তৈরির কারখানা স্থাপনে ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান ‘অ্যালু হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’। কারখানাটিতে উৎপাদিত ক্যানের প্রায় ৯০ শতাংশ বিদেশে রপ্তানির পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
২০২৪ সালে প্রকল্পের কাজ শুরু করে একই বছর কালিয়াকৈর হাইটেক পার্কে নিবন্ধন নেয় প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে কারখানার বেসমেন্ট নির্মাণের কাজ শেষ হয়েছে। আগামী আট মাসের মধ্যে অবকাঠামো নির্মাণের কাজ শেষ করে উৎপাদন শুরুর লক্ষ্য রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, কারখানার জন্য প্রায় ১৩ একর জমি নেওয়া হয়েছে। উৎপাদনের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামাল চীন থেকে আমদানি করা হবে।
অ্যালু হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ইউয়ান ডিংইয়ান বলেন, "কারখানাটিতে বছরে ১০০ কোটি পানীয়ের ক্যান উৎপাদনের সক্ষমতা তৈরির পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের বাজার তুলনামূলক ছোট হওয়ায় মোট উৎপাদনের প্রায় ৯০ শতাংশ বিদেশে রপ্তানি করা হবে। বাকি ১০ শতাংশ দেশের বাজারে সরবরাহের পরিকল্পনা রয়েছে।"
বর্তমানে বাংলাদেশে পানীয়ের ক্যান আমদানি করতে হয়, যার জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। দেশে এসব ক্যান উৎপাদন শুরু হলে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
